১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়ত প্রার্থী চাচার বিরুদ্ধে অভিযোগ বিএনপি প্রার্থীর ছেলের

ভুলবশত এমনটি ঘটেছে বলে দাবি জামায়াত প্রার্থীর।

জামায়ত প্রার্থী চাচার বিরুদ্ধে অভিযোগ বিএনপি প্রার্থীর ছেলের
মুস্তাফিজুর রহমান মোস্তাক

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ আলী জামায়াত প্রার্থী মোস্তাকের সৎভাই একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমানের ছেলে।  

শুক্রবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিলেও বিষয়টি বুধবার জানাজানি হয়। 

বাবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও মোহাম্মদ আলীর ভাষ্য, তিনি একজন সচেতন নাগরিক হিসেবেই অভিযোগটি দায়ের করেছেন।

‘ভুলবশত’ এমনটি ঘটেছে বলে দাবি করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাক।  

অভিযোগের নথি থেকে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি কর্তৃক প্রদত্ত বীজ ও সারের লাইসেন্সধারী ডিলার মুস্তাফিজুর রহমান। 

মুস্তাফিজুরের ডিলারশিপ ব্যবসা থাকার বিষয়টি রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরীও জানিয়েছেন।    

তবে জামায়ত প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় সক্রিয় ও চলমান বাণিজ্যিক এ লাইসেন্সের তথ্য দেননি বলে অভিযোগে বলা হয়েছে। 

সেখানে বলা হয়েছে, ওই লাইসেন্সের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও আয় অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও তা হলফনামায় অন্তর্ভুক্ত না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪(২)-এর লঙ্ঘন। 

এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন মোহাম্মদ আলী।

তিনি বলেন, “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিয়েছি। কেননা তিনি তথ্য গোপন করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এই তথ্য সরকারকে জানানো উচিত বলে মনে করি।”

এদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমি হলফনামায় ব্যবসা উল্লেখ করেছি। কিন্তু ডিলারের কাগজপত্র দিতে ভুলে গেছি। আগামী ১৭ জানুয়ারি ঢাকায় শুনানিতে সব নথি দেওয়া হবে।”