Published : 03 Jun 2026, 11:25 AM
চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে নিহত হয়েছেন দুজন, সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
মঙ্গলবার বিকালে মতলব সেতুর উত্তর অংশের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান।
নিহতরা হলেন, মতলব পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ীর মো. মিজানুর রহমানের ছেলে ফজলে রাব্বি (২৩) এবং পটুয়াখালি জেলার কালাইয়া গ্রামের মো. জুয়েলের ছেলে ইশাত।
চাঁদপুর সদর হাসপাতালে আসা নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম বলেন, রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিল। তার আপন ভাগ্নে ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী।
ইশাতের বাবা সচিবালয়ের গাড়ি চালক। তারা থাকে ঢাকার যাত্রাবাড়ী। ঈদ উপলক্ষে ইশাত মায়ের সঙ্গে মতলবে নানা বাড়িতে বেড়াতে এসেছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, তিনি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়ক বিভাগের ট্রাক চালক মিজানুর রহমান খালি অ্যাম্বুলেন্স দেখে তাকে থামান।
“পরে দুজনকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি। জানতে পারি বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।
“সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, “রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।“
তবে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মঙ্গলবার রাত ১২টার দিকে মারা যায় ইশাত।
ওসি মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।