Published : 04 Sep 2026, 06:43 PM
ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হতে যাচ্ছে শনিবার।
ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে দেশটির ব্যবসায়ীদের বৈঠকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
শুক্রবার এক চিঠিতে এ ঘোষণা দিয়েছেন ভারতের হিলি এক্সপোটার অ্যান্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেস কুমার পাপ্পু।
এর আগে ৩০ অগাস্ট সংগঠনটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
শুক্রবার মোবাইলে বিকাশ চন্দ্র সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালের দিকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠক হয়। বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোসহ বাংলাদেশে পণ্য রপ্তানিতে যেসব বাধা রয়েছে, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হলে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের-হিলি স্থলবন্দর সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়, শনিবার থেকে আমদানি-রপ্তানি আবার চালু হবে।
শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার থেকে আবার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন ভারতের হিলি এক্সপোটার অ্যান্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনে নেতা বিকাশ চন্দ্র।
জানতে চাইলে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বলেন, শুক্রবার চিঠি দিয়ে ভারতীয় সংগঠনটি শনিবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরুর কথা জানিয়েছে।
আরও পড়ুন:
ভারতীয়দের ঘোষণার পর হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বা
হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের