Published : 26 Mar 2026, 09:25 PM
ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবার সঙ্গে স্নান করতে গিয়ে তিতাস নদীতে নিখোঁজ হয়েছে এক শিশু।
বৃহস্পতিবার সকালে গোকর্ণঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস প্রধান রাজা মিয়া জানান।
নিখোঁজ ১১ বছর বয়সি অর্পনা সূত্রধর জেলা সদরের কলেজপাড়া ডিসি এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে রাজা মিয়া বলেন, “ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়। বাবা-মায়ের সঙ্গে আসা অর্পনা সেখানে এসে পানিতে নিখোঁজ হয়।”
খবর দিলে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
পরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায় জানিয়ে রাজা মিয়া বলেন, “দিনভর অভিযান চালিয়ে তারাও উদ্ধার করতে পারেনি। বিকালে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।”