বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা নিহত
নজরুল মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ডোমনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান।
নিহত নজরুল ইসলাম (৪২) ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং দলের মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, নজরুল তার নতুন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম বলেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে নজরুল একাধিকবার কারাবরণ করেন।
নজরুলের মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
