Published : 26 Jun 2025, 08:51 PM
মারধর করে পুলিশে দেওয়া এসআই সুকান্ত কুমার দাসকে ছেড়ে দেওয়ার ঘটনায় এবার খুলনা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে মহানগর পুলিশের (কেএমপি) সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তবে এই দাবির সঙ্গে একমত না হওয়ায় আন্দোলনকারীদের একটি অংশ ফিরে গেছেন।
এদিকে সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসআই সুকান্ত কুমার দাসকে গ্রেপ্তার করে খুলনা মহানগর পুলিশ।
খুলনা সদর থানায় করা বাড়ি ভাঙচুরের মামলায় আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার।
বিকেলে তিনি বলেন, “একজন সরকারি কর্মচারী গ্রেপ্তার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করতে সময় লেগেছে। তাকে খুলনায় আনা হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর তাকে প্রথমে ঢাকায় এবং পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে খুলনা নগরের ইস্টার্ন গেইট এলাকা থেকে এসআই সুকান্ত দাশকে আটক এবং মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেয় জনতা। খুলনায় একটি মামলায় সাক্ষ্য দিতে এসে এ ঘটনার শিকার হন তিনি। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।
এ খবর জানতে পেরে খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর অবরুদ্ধ করে বিক্ষোভ করে জনতা। পরে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে খুলনা মহানগর পুলিশ কমিশনারের অপসারণের এক দফা দাবিতে নগর পুলিশের সদর দপ্তর ঘেরাও করে স্লোগান দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা ফটকে তালা লাগিয়ে দেন এবং সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলছেন, এসআই সুকান্তকে প্রথমে আটক করার পরও আইনি কোনও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই তারা আন্দোলন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, “সুকান্তকে থানা থেকে ছেড়ে দেওয়ার পর পুলিশ কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছি। সেই দাবিতে কর্মসূচি চলছে।”
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে এসআই সুকান্তকে গ্রেপ্তার করতে হবে। দাবি পূরণ হয়েছে, এখন নগরীর প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনের যৌক্তিকতা নেই।
আরও পড়ুন:
খুলনায় এসআইকে মারধর করে পুলিশে দেয় জনতা, ছেড়ে দেওয়ায় বিক্ষোভ-ঘেরা
বাড়ি ভাঙচুরের মামলায় চুয়াডাঙ্গা থেকে এসআই সুকান্ত গ্রেপ্তার