১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাড়ি ভাঙচুরের মামলায় চুয়াডাঙ্গা থেকে এসআই সুকান্ত গ্রেপ্তার

৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

বাড়ি ভাঙচুরের মামলায় চুয়াডাঙ্গা থেকে এসআই সুকান্ত গ্রেপ্তার
এসআই সুকান্ত দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার এসআই সুকান্ত কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার জানান। 

মঙ্গলবার বিকালে খুলনা নগরের ইস্টার্ন গেইট এলাকা থেকে এসআই সুকান্ত দাশকে আটক এবং মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা ও বিএনপির নেতা-কর্মীরা। খুলনায় একটি মামলায় সাক্ষ্য দিতে এসে এ ঘটনার শিকার হন তিনি। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ খবর জানতে পেরে খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর অবরুদ্ধ করে বিক্ষোভ করে জনতা। সে সময় তারা সুকান্তকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয়।   

বিকালে পুলিশ কমিশনার জুলফিকার আলী বলেন, “একজন সরকারি কর্মচারী গ্রেপ্তার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করতে সময় লেগেছে। তাকে খুলনায় আনা হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর তাকে প্রথমে ঢাকায় এবং পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা নগর সভাপতি আল শাহরিয়ার বলেন, “আমাদের প্রধান দাবি মানা হয়েছে। আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”