পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভুইয়া মুক্তা গ্রেপ্তার
তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের আল আমিন হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।
তিনি বলেন, নাইমুজ্জামান মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার আটোয়ারী, তেতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করে। পরে সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক আশীষ কুমার শীল বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালত জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
