ছয় মাস ধরে ‘ধর্ষণ’, অসুস্থ মাদ্রাসা ছাত্র হাসপাতালে, শিক্ষক-কিশোর হেফাজতে
নড়াইল সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে এক কিশোর ছয় মাসের বেশি সময় ধরে ধর্ষণ করে বলে পরিবার অভিযোগ করেছে।
অসুস্থ হয়ে পড়লে বুধবার আট বছরের শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে সদর থানার পরিদর্শক অজয় কুমার কুণ্ডু বলেন।
এ ঘটনায় ১৫ বছরের এক কিশোর এবং শিশুটির মাদ্রাসার এক শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।
শিশুটির মায়ের অভিযোগ, তার ছেলেকে গত রমজান মাস থেকে ওই কিশোর নির্যাতন করছে। তারা মাদ্রাসার পাশের এলাকার বাসিন্দা। সোমবার ফের ওই কিশোর শিশুটিকে মাদ্রাসার পাশে নিয়ে ধর্ষণ করে।
মাদ্রাসার একজন শিক্ষক বিষয়টি জানতে পারেন। কিন্তু ঘটনাটি ধামাচাপা দিতে এবং বিষয়টি কাউকে না জানাতে তিনি শিশুটিকে মারধরও করেন।
মঙ্গলবার রাত থেকে শিশুটির শারীরিক কষ্ট শুরু হয়। বুধবার সকালে অবস্থার অবনতি হলে মা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করান।
পুলিশ পরিদর্শক অজয় কুমার বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
