ছেলেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের
পঞ্চগড়ে এ ঘটনায় আহত শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অসুস্থ শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার তিন বছরের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে উপজেলার ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।
নিহত বীথি আক্তার (৩০) উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।
জাহিদুলের ছেলে আব্দুর রহমানকে (৩) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, ছেলের কানের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী নীলফামারীর ডোমারে যান জাহিদুল। রাতে চিকিৎসা শেষে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টি শুরু হয়। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের আলোয় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বালুর স্তূপে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে বীথি আক্তার ও তার সন্তান সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি বীথিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় শিশুটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটের সৃষ্টি হয়।
ওসি সেলিম মালিক বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
