Published : 04 Jun 2026, 06:59 PM
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি উত্তম কুমার।
নিহতরা হলেন- সদর উপজেলার উত্তরশালিকা গ্রামের ইজিবাইকচালক আরিফ (৩৫), একই গ্রামের মহিন হোসেনের মেয়ে আফরিন (৭) ও যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আবরার হোসেন।
আহত মো. মাহিন ও মুক্তা খাতুনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গাংনী উপজেলা সদর থেকে একটি ট্রাক কুষ্টিয়া হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আরিফ মারা যান।
পরে স্থানীয়রা ইজিবাইকে থাকা চার যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আবরার ও আফরিনের মৃত্যু হয়।
ওসি উত্তম কুমার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”