১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: বগুড়ায় চিকিৎসক নেতা জামিনে মুক্ত

রোববার রাতে জামিন হলেও আদেশের নথি সোমবার সকালে কারা কর্তৃপক্ষের হাতে আসার পর তাকে মুক্তি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 05:24 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হাতবোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার চিকিৎসক নেতা সামির হোসেন মিশু জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার সকালে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।

রোববার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এ সামির হোসেন মিশুকের পক্ষে তার আইনজীবী তানজীম আল মিজবাহ জামিন আবেদন করেন।

পরে বিচারক কৌশিক আহম্মদ খোন্দকার তার জামিন মঞ্জুর করেন জানিয়ে তানজীম আল মিজবাহ বলেন, “আদেশের নথি সোমবার সকালে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।”

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুরের মকটেল চাইনিজ রেস্তোরাঁয় এক চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যান চিকিৎসক সামির হোসেন মিশু। 

এ খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা রেস্তোরাঁটির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সামির হোসেন মিশুক বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ৫ অগাস্টের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।

বগুড়ায় দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। তিনি বগুড়ার শেরপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি।

আরও পড়ুন: 

ছাত্র আন্দোলনে হামলা: বগুড়ায় বিস্ফোরক মামলায় স্বাচিপ নেতা গ্রেপ্তার