৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

টেকনাফে মাদক-অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা আটক

আটক দুই ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানায় বিজিবি।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 10:34 PM

Updated : 12 Dec 2023, 10:34 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে ক্রিস্টাল মেথ আইস, হ্যান্ড গ্রেনেড, অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে; যাদের মাদককারবারি বলছে বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের দমদমিয়া বড়ইতলী বক্করের জোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা মো. শরীফের ছেলে মো. জোবায়ের (৩০) এবং কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, “গোপন খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বক্করের জোড়া খাল এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে দুটি নৌকা আসতে দেখা যায়।

“এর মধ্যে একটি নৌকা বক্করের জোড়া খালে প্রবেশ করলে দুইজনকে আটক করা হয়। তবে পেছনে থাকা অপর নৌকার দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।”

পরে নৌকাটি তল্লাশি করে দেশে তৈরি একটি বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি দা ও এক কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয় বলে জানান তিনি।

আটক দুই ব্যক্তির মধ্যে একজনের শরীর তল্লাশি করে একটি গ্রেনেড, ৮টি গুলি, ১০টি এলএমজির গুলি, ১১টি এসএমজির গুলি, ৮টি বন্দুকের কার্তুজ ও তিনটি গুলির খোসা পাওয়া যায় বলে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন জানান।

আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।