Published : 19 Aug 2026, 11:16 PM
ভারতে চিকিৎসা শেষে বুধবারই পরিবার নিয়ে দেশে ফেরার কথা ছিল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের। মঙ্গলবার ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় ফেরেন। বিকালেও পরিচিত একজনকে দিয়ে কুষ্টিয়ায় মা-বাবার জন্য বাজার-সওদা করে পাঠিয়েছেন।
রাতটা কাটানোর জন্য কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের হোটেল শিখা ইন-এ। গভীর রাতে লাগা আগুনে সেখানে দগ্ধ হয়ে নয়জনের প্রাণ যায়।
এর মধ্যে রয়েছে- কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় সংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তিন বছরের শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।
বুধবার সকালেই তাদের মৃত্যুর সংবাদ আসে পরিবারের কাছে। বাড়িতে দেবাশীষের মা স্বপ্না দত্ত, বাবা দিলীপ দত্ত আর দেবাশীষ-আফসানা দম্পতির আট বছরের মেয়ে মহিমা দত্ত রয়েছেন। সংবাদ পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ দেবাশীষের বাবা, বিলাপ করতে করতে বার বার মূর্ছা যাচ্ছেন মা স্বপ্না দত্ত।
মেয়ে মহিমা দত্ত সব কিছু বুঝতে না পারলেও এটুকু বলছে, “বাবা নেই।”
দুপুরে সেই বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাবহ পরিবেশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাই এসেছেন পরিবারটিকে সান্ত্বনা দিতে। তাদের চোখেও জল।
তাদের সামনে সমানে বিলাপ করছিলেন স্বপ্না দত্ত। “তোমরা আমার দেবাকে এনে দাও। ও দেবা, দেবারে… ওরা কী বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তুই কখন আসবি?
“কালকে যে তুই বাজার করে পাঠালি, এখন আমি কী শুনছি? তোর তো আজকেই বাড়ি আসার কথা।”
সাংবাদিক দেবাশীষ দত্তের ক্যামেরা পারসন রুবেল বলছিলেন, “বউদি (আফসানা) এবং বউদির বাবার চিকিৎসার জন্য ৩ অগাস্ট তারা ব্যাঙ্গালুরু যান। প্রতিদিনই তার সঙ্গে কয়েকবার করে কথা হত। আজ সকালেই তো সবার দেশে ফেরার কথা। কাল বিকালেও বাসায় বাজার-সওদা করে দিয়েছি। এর মধ্যেই তাদের চারজনের মৃত্যুর সংবাদ আসে।”
দেবাশীষের সহকর্মী ও বন্ধু প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদ হাসান শিপলু বলেন, “কুষ্টিয়ার একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী ছিল সে। এখানকার তরুণ সাংবাদিকদের সমৃদ্ধ করে তুলতে সম্প্রতি সে ‘রাইজিং জার্নালিস্ট কমিউনিটি’ নামে একটি গ্রুপ খুলেছিল। সেখানে সংবাদ সংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত প্রবাহকে সহজ করতে নানা উদ্যোগ নিয়েছিল দেবাশীষ।”
কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, “কোলকাতার ওই হোটেলে আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে একটা সুষ্ঠু তদন্ত করার দাবি করছি। এ ঘটনায় যদি কারো কোনো দায় থাকে তাহলে তাদেরও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।”
দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
এর আগে তিনি এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন:
কলকাতায় আগুনে ৯ মৃত্যু: দোকানের মালামাল কিনতে গিয়েছিলেন সাভারের