‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
‘অপহরণের’ ২৭ দিন পর ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ‘অপহরণের’ ২৭ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মঙ্গলবার দুপুরে ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভোরে ঢাকার দক্ষিণখান থানার কসাইবাড়ি এলাকায় একটি বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ইমন মিয়া (২৩) উপজেলার কাউলজানী ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় করা মামলার আসামি ইমনের বাবা, মা ও বড় বোন পলাতক রয়েছেন।
অপহরণের শিকার ওই ছাত্রী অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মামলার বরাতে পুলিশ জানায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ইমন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ইমনের পরিবারকে জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ৪ অগাস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে আসামিরা ওই ছাত্রীকে গাড়িতে উঠিয়ে নিয়ে অপহরণ করে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বাসাইল থানা পুলিশকে জানানো হয়। ১০ অগাস্ট চারজনের নাম দিয়ে অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে মামলা করে ছাত্রীর পরিবার।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষা ও জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
