জামালপুরে ‘স্ত্রীকে হত্যার পর’ ২ সন্তানকে ঘরে আটকে পালালেন স্বামী
“ওই দুই শিশু তাদের মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্ল্যাটের পঞ্চম তলার জানালা দিয়ে চিৎকার-চেঁচামেচি করে।”
জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
রোববার সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি ছয় তলা ভবনের পাঁচতলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে জামালপুর ওসি নাজমুস সাকিব বলেন, প্রায় এক মাস ধরে কাওসার আহমেদ শাওন ও ইসরাত জাহান পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায় বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কাওসার শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মুদি দোকান চালান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে কাওসার ও ইসরাতের মধ্যে কলহ চলছিল। শনিবার রাতে কাওসার বাসায় ফেরার পর তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কাওসার তার দুই সন্তানকে পাশের একটি কক্ষে আটকে রেখে ইসরাতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
রোববার সকালে কাওসার সন্তানদের আটকে রাখা কক্ষের দরজা খুলে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে যান তিনি। পরে দুই সন্তান তাদের মাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে ফ্ল্যাটের পঞ্চম তলার জানালা দিয়ে চিৎকার-চেঁচামেচি করে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে তারা গিয়ে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করেন। একই সময় পাশের কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক বাবুল মিয়ার ছোট ভাই ইব্রাহিম হোসেন বলেন, “পরিবারটি প্রায় এক মাস আগে ওই ফ্ল্যাট ভাড়া নেয়। তাদের মধ্যে পারিবারিক কলহ থাকতে পারে।”
কিছুদিন আগেও ইসরাত জাহান তার দুই সন্তানকে ফ্ল্যাটের ভেতর রেখে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে সারাদিন বাইরে ছিলেন বলে দাবি করেন তিনি।
ওসি নাজমুস সাকিব বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শ্বাসরোধ করে ইসরাত জাহানকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
