Published : 17 May 2026, 06:46 PM
বরিশালের মুলাদী উপজেলায় মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে।
রোববার বেলা পৌনে ৩টার দিকে বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে মুলাদী থানার ওসি একেএম সোহেল রানা জানিয়েছেন।
নিহত মো. আল আমিন হাওলাদার (২৩) উপজেলার দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের দফাদার খাইরুল ইসলাম বলেন, যে মারা গেছে ও যারা মারছে। সবাই মাদক সেবন ও কেনা-বেচার সাথে জড়িত। দুই মাস আগে আল আমিনকে বোয়ালিয়া ফাড়ি পুলিশ মাদকসহ আটক করেছিলো। কয়েকদিন আগে সে জামিনে বেরিয়েছে।
তিনি বলেন, “শুনেছি মাদক কেনাবেচার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কাওছারসহ কয়েকজন আল-আমিনকে ছুরি দিয়ে কুপিয়ে ফেলে রেখে গেছে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষনা করেন।”
সফিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু সালেহ বলেন, “মাদক কেনা বেচার পাওনা টাকা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।”
মুলাদী থানার ওসি একেএম সোহেল রানা বলেন, “মাদক সংক্রান্ত দ্বন্দ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বলতে পারবো কি কারণে হত্যাকাণ্ড হয়েছে।
“হত্যাকাণ্ডের সঙ্গে চারজন জড়িত ছিলো। এরমধ্যে তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। অপর জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।