Published : 06 Jun 2026, 02:34 PM
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ।
নিহতরা হলেন, দুলু মিয়া (২০) ও তার বাবা সিদ্দিক শেখ (৫৫)। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
নিহত দুলুর চাচা শহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে বাবা-ছেলে একই উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি চর এলাকায় বাদাম উত্তোলন করতে মটরসাইকেলে রওনা হয়েছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেল সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দুলু মিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি মামুনুর রশিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ”
এছাড়া পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে বলে জানান তিনি।