১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১২ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক

শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 12:21 AM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ঘোষিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি স্থগিত করায় প্রায় ১২ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রমিক ফেডারেশন ঘোষিত নবগঠিত কমিটির ওপর অনাস্থা জানিয়ে সোমবার দিনভর সব পথে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, রাতে জেলা প্রশাসকের মধ্যস্থতায় শ্রমিক ফেডারেশন নবগঠিত ২১ সদস্যের কমিটি স্থগিতের ঘোষণা দেয়। একই সঙ্গে ঈদের পর পূর্ণাঙ্গ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়। এরপরই শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

ধর্মঘট প্রত্যাহারের পর পরই রাত ৯টা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাসের টিকিট বিক্রি শুরু হয়। তবে রাতে চলাচল সীমিত থাকলেও মঙ্গলবার সকাল থেকে সব পথে স্বাভাবিকভাবে বাস চলবে বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন।

রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই সব পথে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।”

অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। 

আরও পড়ুন:

কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্বরাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে বাস বন্ধঢাকামুখী যাত্রীরা বিপাকে