Published : 18 May 2026, 07:27 PM
চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
সোমবার সকাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন, অনেকে বিকল্প যানবাহনের খোঁজ করছেন।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কাউন্টারে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসা যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন।
গ্রামীণ ট্রাভেলস কাউন্টারে অপেক্ষা করা যাত্রী আরিফুর রহমান বলেন, “ঢাকায় জরুরি কাজ আছে। দুপুর দুইটার গাড়ির টিকিট কেটেছিলাম। এসে দেখি বাস চলাচল বন্ধ।”
আরেক যাত্রী রেহেনা বেগম বলেন, “হাসপাতালে অসুস্থ নাতনিকে দেখতে যাব। কিন্তু বাস বন্ধ। এখন কী করব বুঝতে পারছি না।”
বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক ও কাউন্টার কর্মীরাও।
শ্রমিক আব্দুর রহমান বলেন, “গাড়ি চললে আয় আছে, না চললে নেই। এখন পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে।”
রোববার কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়।
তবে এই কমিটিকে শ্রমিকদের একটি অংশ প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।