Published : 27 Mar 2026, 10:15 PM
বেকারত্বের কারণে তরুণরা ছিনতাই ও মাদকে জড়াচ্ছেন বলে মনে করছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
তিনি বলেছেন, “দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। পাশাপাশি অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতও চাপে রয়েছে। এসব কারণে কিছু তরুণ মাদক ও ছিনতাইয়ের মত অপরাধে জড়িয়ে পড়ছে।”
শুক্রবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, “এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখা হবে।”
২০২৪ সালের ৫ অগাস্টের ঘটনাবলি প্রসঙ্গে আলী হোসেন বলেন, “ওই সময় পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার তদন্ত হবে এবং আইনে যা করার, তা-ই করা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে আইজিপি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশের ইতিহাসে অন্যতম সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে।”

শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, “তরুণদের অযথা রাস্তায় নেমে সড়ক অবরোধ করা উচিত নয়। এতে সামগ্রিকভাবে দেশেরই ক্ষতি হয়।”
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, “এক্ষেত্রে নৈতিকতার উন্নয়নও জরুরি।”
জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, “বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।”
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন আইজিপি আলী হোসেন ফকির।
এ সময় পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।