১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাগুরায় বাড়ির পাশে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

সকালে বৃষ্টির পানিতে খেলার এক পর্যায়ে তারা ডোবায় পড়ে যায় বলে জানান স্বজনরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 04:35 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

মাগুরা সদর উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বুজরুক শ্রীকুণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলো- ওই গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬) এবং পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে মোছা. নুসরাত (৭)। তারা সম্পর্কে ফুপু ও ভাতিজা।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে দুই শিশু বাড়ির পাশে ডোবার পাড়ে বৃষ্টির পানিতে খেলা করছিল। এ সময় তারা ডোবায় পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।