Published : 16 Jun 2026, 04:08 PM
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ।
নিহত সুপন চাকমা (৩৫) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’ এর মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ওসি মাসুদ পারভেজ বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সুপন চাকমা মোটরসাইকেলে গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি সরু গ্রামীণ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।