Published : 13 Aug 2026, 05:50 PM
ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে অবস্থান নেন।
পরে সেখানে সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল অভিযোগ করে বলেন, “ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হয়েছে।
“এতে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন নিয়োগ দেওয়া হয়েছে।”
তিনি অবিলম্বে এই নিয়োগের ফলাফল বাতিল এবং স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান নয়ন, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার।
পরে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের নিকট একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইল যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড: গাইবান্ধায় অনিয়মের অভিযোগে ইউএনও-সমাজসেবা কার্যালয়ে তালা
ফ্যামিলি কার্ড: নাটোরে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর
'ফ্যামিলি কার্ড': নিয়োগের ফল বাতিলে ইউএনওর কার্যালয় ভাঙচুর