Published : 11 Aug 2026, 06:30 PM
‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভাঙচুর চালানো হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার বিকালে ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা এই নিয়োগ ফলাফল বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে।
তারা নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে নানা স্লোগান দেয়। এক পর্যায়ে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ইউএনও কার্যালয়ের জানালা ও বারান্দায় থাকা চেয়ার এবং ফুলের টব ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত করেন।
ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে।
“এমনকি প্রকাশিত ফলাফলে ফ্যাসিস্টের নেতাকর্মীদের নামও রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগ বঞ্চিতরা এই ঘটনা ঘটায়।”
তিনি অবিলম্বে এই ফলাফল বাতিলের দাবি জানান।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা এখনও দায়ের করা হয়নি।
এসব বিষয় জানতে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।