১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ড: নাটোরে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ফ্যামিলি কার্ড: নাটোরে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর
নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 09:38 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে।

এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও পরে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হুমকি এবং লাইভে স্টার টিভির প্রতিনিধিকে আঘাতের অভিযোগ উঠেছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশিষ বসাক।

এদিন সকালে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশের পর পর অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, ইউএনও দেবাশীষ নিয়োগের ফল প্রকাশ করে আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছেন। একইসঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে তারা ভাঙচুর ও সাংবাদিকদের মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানা বলেন, “ভালো পরীক্ষা দিয়েও সুযোগ পায়নি আমাদের অনেকেই। অভিযোগ খুঁজতে গিয়ে দেখা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের জড়িতদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি পরীক্ষা না দিয়েও টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।

“বিএনপি সরকারকে বিতর্কিত করতে এমন নিয়োগ দিয়েছেন ইউএনও। এ ফল বাতিলের দাবিতে নিয়োগ প্রত্যাশী ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন মাত্র। তবে কোথাও কোনো হামলা বা কাউকে লাঞ্ছনার ঘটনা ঘটেনি।”

প্রত্যক্ষদর্শী ও ঢাকা পোস্টের আশিক আহমেদ, দৈনিক সংগ্রামের ফজলুর রহমানসহ পাঁচ থেকে সাতজন সাংবাদিক বলেন, উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে ছাত্রদল নেতা সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এক পর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের সামনে ভাঙচুর করা হয়। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত এবং তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। 

সাংবাদিকদের অভিযোগ, দ্বিতীয় দফায় দুপুর ২টার দিকে তারা আবার বিক্ষোভ করে ইউএনওকে অবরুদ্ধ করেন এবং স্টার টেলিভিশন ও চ্যানেল ওয়ান সরাসরি সম্প্রচার বন্ধ করতে হুমকি দেন। পরে স্টার নিউজের লাইভের মধ্যে জেলা প্রতিনিধিকে আঘাত করে টান দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।

ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করছিলেন বাগাতিপাড়া মডেল থানার ওসি। পরে বিক্ষোভ ও ফল বাতিলের বিষয় জানালেও সাংবাদিকদের মারধর এবং লাইভ সম্প্রচার বন্ধে হুমকির ব্যাপারে কিছুই জানেন বলে জানান তিনি।

ইউএনও দেবাশিষ বসাক বলেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ যথাযথ স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। এমন ফলে কেউ কেউ ক্ষুব্ধ হয়েছেন। তারা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করেছেন। তবে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলা ও সাংবাদিকদের লাঞ্ছিত করা বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, সকাল থেকেই কার্যালয়ের ভেতরে থাকায় বাইরের কোনো ঘটনা তিনি জানেন না। পরিস্থিতি জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

এদিকে লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার নিয়োগের ফলকে কেন্দ্র করে বিক্ষোভ করছে উপজেলা ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যেখানে স্থানীয় দুই সাংবাদিক ভিডিও ধারণ করলে তাদের ওপরেও হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নাটোর জেলা পুলিশ সুপার শরীফুল হক বলেন, হামলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।