সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
চলতি বছর বায়ুবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বায়ুবাহীত এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দশ মাস বয়সী সাজিদ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার আলাউদ্দিনের ছেলে। এ ছাড়া শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া নয় মাস বয়সী নুসাইবা শহীদ একই উপজেলার জাকির আলীর মেয়ে।
স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৫ জন চিকিৎসাধীন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন ভর্তি আছেন। বাকিরা বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। আর নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
