বরিশালে বৃষ্টিতে মাছের ঘের থেকে ফেরার পথে বজ্রপাতে তরুণের মৃত্যু
ঘেরে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে তিন শ্রমিকসহ তানভীর ফেরার পথে বজ্রপাতের শিকার হন বলে জানায় পুলিশ।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিজেদের মাছের ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার এসআই সমীর রায়।
নিহত তানভীর খান (১৮) ওই গ্রামের বাসিন্দা ওয়াসিম খানের ছেলে।
এসআই সমীর রায় বলেন, সকালে মাছের ঘেরে তিন শ্রমিকের সঙ্গে কাজ করতে যান তানভীর। বৃষ্টি শুরু হলে তিন শ্রমিকসহ তানভীর মাথায় পাতিল দিয়ে বাড়ির দিকে রওনা দেন। এ সময় বজ্রপাতে সবাই পড়ে যায়।
তিন শ্রমিক উঠে দাঁড়ালেও তানভীর মাটিতে পড়েছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
