রাজবাড়ীতে অননুমোদিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
ডেকোরেটর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন।
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি অননুমোদিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়াপাড়া স্টেশনের কাছে অনুমোদনহীন একটি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী জিআরপি থানার এসআই শহিদুল ইসলাম।
নিহত আব্দুর রাজ্জাক মুন্সী (৫৩) পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাতে রাজবাড়ী এসআই শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়াপাড়ায় ওই রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই, অবৈধ ক্রসিংটিতে কোনো গেটম্যান বা গেটও নেই। সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামি টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পৌঁছায়।
“সে সময় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। অসাবধানতাবশত তিনি রেলক্রসিংটি পার হতে গেলে ট্রেনটি মোটরসাইকেলে ধাক্কা দেয়।
“এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়, ঘটনাস্থলেই মারা যান আব্দুর রাজ্জাক।”
শহিদুল আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
