চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১ বোমা উদ্ধার
আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আহরা হলেন- সুমেল (৩২) ও আব্দুল হামিদ (১৮)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার গৌতম কুমার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় ওদুদ মুহুরির ও জালাল মেম্বারের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে ভোর সাড়ে ৫টার দিকে শেখপাড়ার একটি আমবাগানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হননি।
এর প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়ায় নবাব আলীর আমবাগানে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে সুমেল ও আব্দুল হামিদ আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি অবিস্ফোরিত হাতবোমা এবং বিস্ফোরণে ছড়িয়ে পড়া বিভিন্ন আলামত জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার।
তিনি বলেন, আহত দুজনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার।
