১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ দোকান কর্মচারীর মৃত্যু

এ ঘটনায় দুইজন ফায়ার ফাইটারসহ তিনজনের প্রাণ গেল।

টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ দোকান কর্মচারীর মৃত্যু
নিহত বাবু হাওলাদার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ হয়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে; যাদের মধ্যে দুইজন ফায়ার ফাইটার।

শুক্রবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন মিয়া।

নিহত বাবু হাওলাদার (২০) টঙ্গী নতুন বাজার এলাকার রতন হাওলাদারের ছেলে। তিনি ঘটনাস্থলের পাশে সাহারা মার্কেটের লিটন মিয়ার রঙের দোকানের কর্মচারী ছিলেন।

এসআই তুহিন মিয়া বলেন, ঘটনার দিন আগুন নেভাতে গিয়ে বাবু দগ্ধ হয়েছিলেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এর আগে সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিকের কারখানায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার ফাইটারসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে মঙ্গলবার ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) এবং বুধবার মোহাম্মদ নুরুল হুদা মারা যান। তাদের শরীরের পোড়ার মাত্রা ছিল প্রায় ১০০ শতাংশ।

এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ফায়ার ফাইটার জয় হাসান ও ফায়ার অফিসার জান্নাতুল নাঈম। তাদের মধ্যে জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ এবং জয়ের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

স্থানীয়রা বলছেন, টিনশেডের গুদামটি একটি পোশাক কারখানার। ঘটনার দিন বিকালে হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ শুরুর পর রাসায়নিকের এক ড্রামের বিস্ফোরণ ঘটে। এতে চার ফায়ার ফাইটারসহ পাঁচজন দগ্ধ হন।

টঙ্গীর আগুনে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মী দগ্ধ

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু

দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক এলেন