১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক এলেন

গত জুলাই মাসে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর দগ্ধদের চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের চিকিৎসক দলেও ছিলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 01:50 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

টঙ্গীর রাসায়নিক কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন।

মঙ্গলবার মধ্য রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানান হয়।

সেখানে বলা হয়, সিঙ্গাপুর থেকে আসা ডা. চং সি জ্যাক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাত সাড়ে ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। তিনি হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।

ওই বৈঠকের আগে হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন ডা. চং সি জ্যাক।

গত জুলাই মাসে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর দগ্ধদের চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের চিকিৎসক দলেও ছিলেন তিনি। 

গত সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের কারখানায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার ফাইটার দগ্ধ হন। তাদের মধ্যে একজন মারা গেছেন। 

চিকিৎসাধীন বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা বেশ খারাপ বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।