২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পার্বত্য তিন জেলার ২৮৫ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

খাগড়াছড়িতে মানববন্ধনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

পার্বত্য তিন জেলার ২৮৫ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
পার্বত্য তিন জেলার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 12:04 AM

Updated : 26 Aug 2026, 11:36 AM

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।

বুধবার সকালে শহরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন উপজেলার শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

এতে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, রাঙামাটি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলন চাকমা এবং বান্দরবান বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দন ময় তংঞ্চঙ্গা বক্তব্য দেন।

বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার অনগ্রসর এবং দুর্গম এলাকার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে এক হাজার ৪২৫ জন শিক্ষক কর্মরত আছেন। বছরের পর বছর এসব বিদ্যালয়ে বিনা বেতনে শিক্ষকতা করছেন তারা। 

বেসরকারি এসব বিদ্যালয় জাতীয়করণ না হওয়ায় শিক্ষার্থীরা উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছে বলে বলেন তারা।

পাহাড়ি এলাকার শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং বিনা বেতনে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জীবনমান উন্নয়নে এসব বিদ্যালয়সহ চাকরি জাতীয়করণের দাবি জানান বক্তারা। 

মানববন্ধন শেষে দাবি সম্বলিত একটি স্মারকলিপি খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে বলে জানান শিক্ষকরা।