২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সার না পেয়ে নাগেশ্বরীতে গুদাম ভাঙচুর, ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ

গুদামে সার থাকার খবর পেয়ে ভিড় করে কৃষকরা। ডিলারের লোকজন না আসায় শুরু হয় হট্টগোল, ভাঙচুর; অন্য এলাকায় হয় সড়ক অবরোধ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 08:51 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

কুড়িগ্রামে সার না পেয়ে গুদামে ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।

রোববার নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি এলাকায় এসব ঘটনা ঘটে।

নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার ডিলার কাশেম ট্রেডার্সের গুদামে সকাল ৭টা থেকে সার নিতে ভিড় করেন স্থানীয় কৃষকেরা। সকাল ৯টার দিকে ডিলারের লোকজন সেখানে না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন।

স্থানীয় কৃষকরা বলেন, গুদামে সার থাকার খবর পেয়ে তারা সেখানে জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পর ডিলারের লোকজন না আসায় হইচই ও ধাক্কাধাক্কি শুরু হয়। তবে অন্যরা বাধা দেওয়ায় কেউ গুদাম থেকে সার নিয়ে যেতে পারেননি।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, দেড় থেকে ২০০ মানুষের ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কিতে গুদামের বেড়ার টিন ভেঙে যায়। সার লুটের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, একসঙ্গে অনেক মানুষ সার নিতে আসায় পরিস্থিতি অস্থির হয়ে উঠেছিল। পরে ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়।

এদিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এতে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমিনুল হক তারেক বলেন, ওই এলাকায় ৪০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দের তুলনায় মানুষের উপস্থিতি বেশি হওয়ায় ডিলার ভয় পেয়ে যান। ফলে সার বিতরণ করা সম্ভব হয়নি এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাহিদা অনুযায়ী ওই এলাকায় আরও ২০ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল বা পরদিন এসব সার বিতরণ করা হবে।