এবার টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২
“আমার মাথায় পাথরের আঘাত লেগেছে, ঢাকায় গিয়ে সিটি স্ক্যান করতে হবে।”
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপে দুজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুরের টঙ্গী স্টেশনের কাছাকাছি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বলে ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল আব্দুর রউফ জানান।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।
আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, “আমরা আশুগঞ্জ থেকে ট্রেনে ওঠে বগির মাঝামাঝি ছিলাম। ফাহিম বসা ছিল, আমি দাঁড়িয়ে ছিলাম। টঙ্গী স্টেশনের কাছাকাছি এলে বাইরে থেকে ট্রেনের জানালা দিয়ে পাথর নিক্ষেপ করা হয়। সেটা এক যাত্রীর মাথায় লেগে ফাহিমের গলায় এসে আঘাত লাগে। আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা আছে। দুই ভাই ব্যাগের ব্যবসার সঙ্গে জড়িত।”
আহত লিটন মিয়া বলেন, “আমি মুকুন্দপুর স্টেশন থেকে চড়েছি। ঢাকায় বেশি থাকা হয় ব্যবসার কারণে। পাথরটি প্রথমে আমার মাথায় লাগে, পরে এক কিশোরের গলায় লেগেছে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে। ট্রেনে যেন পাথর নিক্ষেপ না ঘটে সে ব্যাপারে সচেতনতা ও প্রচার বাড়াতে হবে।”
পুলিশের কনস্টেবল আব্দুর রউফ বলেন, “ট্রেন ছাড়লে সবাইকে বলা হয় জানালা বন্ধ রাখার জন্য। কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
