১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সোমবার বিকালে বলদা ঘাট এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 10:28 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার বলদা ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

নিহত নুরুল ইসলাম নাহিদ ওরফে রাহিম (১৩) উপজেলার বড় কাকিয়া গ্রামের বাসিন্দা। সে সিংহশ্রী আলাউদ্দিন খান স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

খোঁজ না পেয়ে সোমবার সকালে নাহিদের বাবা আবদুস ছালাম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি-জিডি করেন।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বলদা ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর নিখোঁজ নাহিদের পরিবার এসে লাশটি শনাক্ত করে।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাহিদ নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।