১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দীঘিনালায় পুড়ে গেছে ৩৫ দোকান

বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 10:18 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

খাগড়াছড়ির দীঘিনালার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারে আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ। 

তিনি বলেন, “রাত ৩টা ৫ মিনিটের দিকে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। সাথে সাথে তারা মুভ করে। আগুন বেড়ে যাওয়া তারা খাগড়াছড়ি স্টেশনে সহায়তা চায়। আমরা ৩টা ১৭ মিনিটে খাগড়াছড়ি সদর থেকে মুভ করি। ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”

তিনি আরও বলেন, “আগুন লাগার কারণ এখনো আমরা নিশ্চিত হতে পারি নাই। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা তদন্ত করে বলতে হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা জানাব।”

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “বাজারের কাপড় গলির কোনো একটা দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।”