Published : 19 Sep 2025, 10:22 PM
ত্রুটি থাকলেও উচ্চকক্ষে পিআর ও নিম্নকক্ষে আসনভিত্তিক নির্বাচনের পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, “দুটোতেই কমবেশি ত্রুটি থাকলেও আমরা এই দুটি পদ্ধতি গ্রহণ করেছি।”
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সময় মেহেরপুরের গাংনী উপজেলা সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘নির্বাচনের কোনো বিকল্প নেই’ জানিয়ে তিনি বলেন, “একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া একটি দেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না।
“আমরা আশা করছি, সকলের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
সভায় আরও বক্তব্য দেন, সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট, বিএনপি নেতা আব্দাল হক।
এসময় দি হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক, ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সদস্যা ছিলেন।
পরে বিকালে ফলক উন্মোচনের মধ্য দিয়ে ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বদিউল আলম মজুমদার।
পরে নতুন ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব মনির হায়দার।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের সচিব সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আইএমইডি কামাল উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর।