নড়াইলে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
সমস্যা সমাধানের জন্য সকালে মসজিদের সামনে ‘শান্তি মিটিং’ শুরু হয়। কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নড়াইলে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংগা গ্রামের বনিকপাড়ায় (ব্যবসায়ীপাড়া) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।
আহত ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিংগা গ্রামের বনিকপাড়া (ব্যবসায়ীপাড়া) মসজিদ ও কবরস্থানের কমিটি নিয়ে একই গ্রামের মতিয়ার রহমান ও আলম বিশ্বাসের মধ্যে বিরোধ চলছিল।
এ সমস্যা সমাধানের জন্য সকালে মসজিদের সামনে ‘শান্তি মিটিং’ শুরু হয়। কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক পক্ষের নেতৃত্ব দেয়া মতিয়ার রহমান বলেন, “সকালে আলোচনা শুরু হলে প্রতিপক্ষ আলমের লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় আমাদের মিন্টু (৫০), লিটন (৬০), নাসিরুল (৪০), মশিয়ার (৪০) আহত হয়।”
প্রতিপক্ষের আহত জিন্নাহ বিশ্বাস বলেন, “ওরা আমাদের উপর হামলা করেছে। এ সময় আমি ছাড়াও ইস্রাফিল (৫০), বাদশা বিশ্বাস (৫৫), মুসা বিশ্বাস (৪৫), লিবন বিশ্বাস (৪৮) ও রাব্বি বিশ্বাস (২৫) আহত হয়।”
ওসি অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
