Published : 10 Jun 2026, 03:55 PM
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে একজনকে ‘পুশ ইনের’ চেষ্টা করা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পতাকা বৈঠকেও কোনো সুরাহা না হওয়ায় শূন্যরেখায় অবস্থান করছেন ওই ব্যক্তি।
ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বুধবার ভোর ৫টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তে দিয়ে তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরে এক ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ইনের’ চেষ্টা চালায় বিএসএফ। টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করেন। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান নেয় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। কিন্তু বৈঠকে ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে শূন্যরেখায় রেখেই চলে যায় বিএসএফ।
বৈঠক সফল না হওয়ায় সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি।
রামরামপুর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “কয়েকদিন থেকে বিএসএফ ‘পুশ ইন’ করার চেষ্টা করছে। কিন্তু আমরা এলাকাবাসী বিজিবির সাথেই আছি।”
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। তবে ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”