গোপালগঞ্জে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রীর
শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পর পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত সে ডুবে যায়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে এক শিশুর প্রাণ গেছে।
রোববার দুপুরে পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ জানিয়েছেন।
মৃত সাত বছর বয়সী ইলমা খানম একই গ্রামের রবিউল শেখের মেয়ে এবং বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শিশুটির পরিবারের সদস্যরা বলছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর ইলমা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত সে ডুবে যায়।
বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পরিদর্শক তাজউদ্দিন জানিয়েছেন।
