১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

পাবই গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 11:17 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বিয়ের ব্যস্ততার মধ্যে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে গোসলে নেমে দুই শিশু পানিতে তলিয়ে মারা গেছে। 

শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান।  

নিহতরা হল- ওই গ্রামের ট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। নিজাম উদ্দিনের এই দুই সন্তানই ছিল।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বাড়িতে নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে বাড়িতে শিশুদের বাবা-মা কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

কিছু সময় পর পুকুরে এক শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে যান। পরে দুই শিশুকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মিজানুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।