০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 11:51 AM

Updated : 16 Sep 2026, 01:01 PM

গাজীপুরের নগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পৌনে চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা গেছে।

বৃহস্পতিবার ভোর ৫টা ২৪ মিনিটের দিকে দেওলিয়াবাড়ি এলাকায় আগুন লাগে। সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর রহমান বলেন, “পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”