টাঙ্গাইলে রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
যুগীরগোপা দরগায় শিরনি দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একটি রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আব্দুর কাদের জানান।
নিহতরা হলেন: ওই উপজেলার রাজগোলাবাড়ীর প্রয়াত আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) এবং তার স্ত্রী সম্পা বেগম (৪৫)।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মোহাইল গ্রামে যুগীরগোপা দরগায় শিরনি দিতে যান। সেখান থেকে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রেল সেতু পার হতে গিয়ে দুজন ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্টেশন মাস্টার আব্দুর কাদের বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনে তারা কাটা পড়েন।”
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়; পরে খবর পেয়ে স্বজনরা মরদেহ নিয়ে যান বলে জানান ভূঞাপুর রেলওয়ে স্টেশনের এ কর্মকর্তা।
