Published : 07 Jun 2026, 10:13 PM
লালমনিরহাটের সদর উপজেলায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি সাদ আহমেদ।
নিখোঁজরা হল- সদর উপজেলার মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে এবং মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন হোসেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত পুলিশ জানায়, দুপুরে বন্ধু মেহেদির সঙ্গে ধরলা নদীতে গোসল করতে নামে দুই ভাই। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। তবে তাদের বন্ধু মেহেদি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দা ও মোগলহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দলও অভিযানে যোগ দেয়।
ওসি সাদ আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে পুলিশও উদ্ধার কাজে সহযোগিতা করছে।”
ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘ সময় চেষ্টা করেও নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান না মেলায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে তলব করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।