হবিগঞ্জে উল্টে যাওয়া ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শ্রমিকের
আল আমিন ট্রাক্টরে বালু ওঠানো-নামানোর কাজ করতেন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কচুয়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।
নিহত ২৫ বছরের আল আমিন উপজেলার কচুয়া গ্রামের জহুর হোসেনের পুত্র।
ওসি রাশেদুল জানান, আল আমিন ট্রাক্টরে বালু ওঠানো-নামানোর কাজ করতেন। তাদের গ্রাম থেকে একটি ট্রাক্টরে করে বালু বহনের সময় দুর্ঘটনাবশত সেটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আল আমিন।
পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
