শ্রমিক ধর্মঘট: চাঁপাইনবাবগঞ্জে ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
দুই শ্রমিক সংগঠনের বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে ডাকা শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে প্রায় ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে জেলার সব পথে বাস ও ট্রাক চলাচল শুরু হয়। এতে জনমনে স্বস্তি ফেরে।
প্রশাসনের উদ্যোগে দুই শ্রমিক সংগঠনের বিরোধ নিষ্পত্তিতে সমঝোতা বৈঠকের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
এদিন সকাল থেকে শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার সব ধরনের গণপরিবহন এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে দিনভর দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেককে বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা যায়। আবার কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহনেও স্থবিরতা তৈরি হয়।
পরে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষের সঙ্গে আলোচনা করে। বিরোধ নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস পেয়ে বিকালে শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।
শ্রমিক নেতা সাইদুর রহমান বলেন, “দুই শ্রমিক সংগঠনের মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষে রাত ৯টায় উভয়পক্ষের নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক আহ্বান করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে এ বৈঠক হবে। আশা করছি, বৈঠকটি ইতিবাচক হবে।”
বিকাল থেকে বাস ও ট্রাক চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে। তবে রাতের সমঝোতা বৈঠকের ফলাফলের ওপর বিরোধের স্থায়ী সমাধান অনেকটা নির্ভর করছে।
