১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

শ্রমিকদের মারধরের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ট্রাক, ট্যাংক লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 03:56 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে জেলার সব পথে বাস চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো পথে বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অনেক যাত্রীকে জেলা বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, শিবগঞ্জ, নাচোল, রহনপুরসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে ধর্মঘট কতক্ষণ চলবে, সে বিষয়ে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

শ্রমিক সংগঠনের একাংশের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “হঠাৎ করেই ট্রাক, ট্যাংক লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন বাস ধর্মঘট ডেকেছেন। এই সংগঠনটি বিভিন্ন সময় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে।”

অন্যদিকে পুরোনো শ্রমিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের অভিযোগ, পৌর এলাকার হরিপুরে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি বাস পরিবহন থেকে টাকা তুলছেন। 

তার ভাষ্য, “রাস্তায় যেকোনো ধরনের পরিবহন থেকে টাকা নেওয়া অপরাধ। আমরা শ্রমিক ও মালিক সমিতি মিলে এ কর্মসূচি পালন করছি।”

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, “জেলায় কর্মরত শ্রমিকদের দুই দিন আগে হরিপুর এলাকার শ্রমিকরা মারধর করেছেন। দুই সংগঠনের দ্বন্দ্বের কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।”