হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
এ ছাড়া চিকিৎসা ব্যবস্থাপনার অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসা অব্যবস্থাপনায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্যারিস রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- হামের প্রাদুর্ভাব রোধে কার্যকর সরকারি পদক্ষেপ নিশ্চিত করা, আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার এবং প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ চালু করা।
পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনার অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “তিন মাসে প্রায় সাড়ে ৪০০ শিশু মারা গেছে। তাদের অধিকাংশের বয়স ছয় মাস থেকে দুই বছরের মধ্যে। সরকার দাবি করছে ৯৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
“কিন্তু ইউনেস্কোসহ বিভিন্ন সংস্থার তথ্যমতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকার বাইরে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ নেই, হামের জন্য আলাদা কার্যকর ব্যবস্থাও নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে আমরা জুলাইয়ের মত আবারও আন্দোলন গড়ে তুলব।”
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদেক রহমান বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও অবহেলিত। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে তৃণমূলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। একজন শিক্ষার্থী হিসেবে দেশের কোনো মানুষকে অবহেলিত দেখতে চাই না।”
এ পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান বলেন, “প্রতিটি শিশু মৃত্যুর জন্য শুধু টিকাকে দায়ী করছি না। তবে সরকার এখনও কার্যকর টিকা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু উদ্বেগজনক।”
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের সভাপতি নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
