২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘কমপ্লিট শাটডাউনে’ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

“রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সঠিক সময়ে পৌঁছাতে না পারলে রপ্তানিতে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। অনেক কাঁচা মালামালও পঁচে নষ্ট হয়ে যায়।”

বিডিনিউজ২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে দেশের স্থলবন্দরগুলোয় আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ বন্ধ হয়ে গেছে।

স্থলবন্দরগুলোয় শুল্কায়ন, খালাস আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশ-ভারতের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

তবে পাসপোর্টযাত্রী পরিষেবা স্বাভাবিক আছে বলে জানিয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ সময়ে ভারত থেকে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাসের পর বেনাপোল বন্দর থেকে সে দেশে ফেরত যেতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসা-নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ একই দাবিতে গত সোমবার সকাল ৯টা থেকে ১২টা, মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কলম বিরতি পালন করে।

তাদের সঙ্গে একাত্নতা ঘোষণা করে একই কর্মসূচি পালিত হচ্ছে দেশের স্থলবন্দরের কাস্টমস হাউজগুলোয়।

ফলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্কায়নের কাজ। বন্দর থেকে কোন পণ্য খালাস হচ্ছে না।

শনিবার বেনাপোল কাস্টমস হাউজে দেখা যায় গেটে ব্যানার ঝুলিয়ে দিয়ে বাইরের কাউকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তাদের টেবিলেও কাউকে দেখা যায়নি।

বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার। এর ফলে আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনও বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “কমপ্লিট শাটডাউনের কারণে শনিবার সকাল থেকে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

“গত বৃহস্পতিবারের আইজিএম ইস্যু করা ছয়টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করার পর আর কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।”

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, “কাস্টমসের কলম বিরতি ও শাট ডাউনের কারণে আমদানিকারকরা তাদের আমদানি করা পণ্য সঠিক সময়ে শুল্কায়ন ও খালাস নিতে পারছে না। ফলে গোডাউন ডেমারেজ বেড়ে চলেছে।

“এসব কর্মসূচিতে আইজিএম ইস্যু না করায় ঠিক মত পণ্য আমদানিও হচ্ছে না। অনেক পণ্যের গুণগত মানও কমে যায়। রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সঠিক সময়ে পৌঁছাতে না পারলে রপ্তানিতে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। অনেক কাঁচা মালামালও পঁচে নষ্ট হয়ে যায়।”

সোনামসজিদের ওপারে আটকা পণ্যবাহী কয়েকশ ট্রাক

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ বন্দরে ভারত থেকে কোনো আমদানি পণ্য আসেনি। ভারতেও যায়নি কোনো রপ্তানি পণ্য। ফলে ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকা পড়েছে আমদানি পণ্যবাহী কয়েকশ ট্রাক।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি একবারেই বন্ধ হয়ে গেছে। ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশ’ ট্রাক আটকা পড়েছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এ জন্য শুল্ক আদায়ের যাবতীয় কার্যক্রম বন্ধ আছে।

কাস্টমস কর্মকর্তারা আরও জানান, কর্মসূচির কারণে বন্দরে রপ্তানি পণ্যবাহী অন্তত ছয়টি ট্রাক আটকা পড়েছে। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান বলেন, শনিবার সারাদিন শটডাউন কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যা নাগাদ কেন্দ্র থেকে নতুন কর্মসূচি আসতে পারে। সে অনুযায়ী পরবর্তী কর্মসূচিও পালন করা হবে।

আরও পড়ুন

'কমপ্লিট শাটডাউন' করে চলছে 'মার্চ টু এনবিআর' কর্মসূচি